দেশে তথ্য চুরির ম্যালওয়্যারের আলামত নিয়ে সার্টের সতর্ক বার্তা
বাংলাদেশের আইটি অবকাঠামোয় তথ্য চুরির ম্যালওয়্যারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কথা বলেছে বাংলাদেশ সরকারের আইটি অবকাঠামো দেখভালকারী সংস্থা বিজিডি সাইবার নিরাপত্তা-সংক্রান্ত প্রকল্প কম্পিউটার ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট)। বৃহস্পতিবার রাতে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিডি ই-গভ সার্ট এই সতর্কবার্তা দিয়েছে।
সংস্থার ভাষ্য, সম্প্রতি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে এ ধরনের ম্যালওয়্যারের আলামত পাওয়া গেছে। তাই সতর্ক থাকতে প্রয়োজনীয় নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প বিজিডি ই-গভ সার্ট সরকারের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা এই প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে সম্প্রতিক সময়ে ম্যালওয়্যার আক্রমণের মাধ্যমে তথ্য চুরির ঝুঁকির পরিসংখ্যানে সার্ট জানিয়েছে, গত অক্টোবর থেকে ৫টি ম্যালওয়্যারের ৬৫২১টি আক্রমণ চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে সাইবার অবকাঠামোতে আক্রমণকারী ৫টি বিপজ্জনক ম্যালওয়্যার চিহ্নিত করেছে। গত অক্টোবর থেকে চলতি মাস পর্যন্ত ম্যালওয়্যারগুলোর আক্রমণের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে রেড রাইন স্টেলারের আক্রমণের সংখ্যা ৪৩৬৭টি, মেটা স্টেলারের ১৫৬৮টি, রাইজপ্রোর ৩৩৩টি, লুম্মাসিটুর ১৩৯টি এবং র্যকুনের ১১৪টি।
ব্যক্তি পর্যায়ে সংক্রমণের মাধ্যমে প্রতিষ্ঠানসমূহও এই ম্যালওয়ারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক সময়ে এ ধরণের ম্যালওয়ার সংক্রমণের মাধ্যমে একাধিক ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে আক্রান্ত হওয়ার আলামত পাওয়া যায়। এ ধরণের ঘটনা পরিক্রমা বিশ্লেষণ করে প্রতিয়মান হুয় যে বাংলাদেশে অনুরূপ ম্যালওয়ারের অস্তিত্ব আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এমতাবস্থায়, এরূপ ম্যালওয়ারের আক্রমন থেকে রক্ষা পেতে কোনরূপ সন্দেহজনক লিংকে ক্লিক না করা বা অচেনা প্রেরকের কাছ থেকে প্রাপ্ত ইমেইলের সংযুক্তির বিষয়ে বিশেষভাবে সচেতনতা অবলম্বন করা আবশ্যক। উক্ত বিষয়ে বিজিডি ই-গভ সার্ট এর ওয়েবসাইটে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে উল্লেখিত দিকনির্দেশাবলী অনুসরণপূর্বক যথাযথ পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হল।





